হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ সেপ্টেম্বর): দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১১ জনের প্রাণহানি ঘটেছে। এর ফলে চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০১ জনের এবং হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে হাম ও এর উপসর্গজনিত কারণে দেশে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে ঠেকেছে ১ হাজার ৭৬ জনে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কেবল ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৬৮ জন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন- ঢাকা বিভাগে ২৯৯ জন, খুলনা বিভাগে ৯১ জন, বরিশালে ১৪৩, চট্টগ্রামে ২৩৮ জন, ময়মনসিংহে ৮১, রংপুরে ২৭ জন, রাজশাহী ২৫ জন এবং সিলেট বিভাগে ১৬৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬২ হাজার ০৪৮ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৫১ জন।
মনোয়ারুল হক/
