স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের মধ্যে শেষ করতে চায় ইসি
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ সেপ্টেম্বর): আগামী বছরের ৬ জুনের মধ্যেই সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)—এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের বর্তমান পরিকল্পনা অনুযায়ী চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম। আগামী ২০২৭ সালকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করছে। তবে ভোটের সুনির্দিষ্ট দিনক্ষণ বা সময়সীমা সম্পূর্ণভাবে নির্ধারণ করবে নির্বাচন কমিশন নিজেই।
তিনি আরও উল্লেখ করেন, পাঁচ স্তরের এই বিশাল নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে আনুমানিক ৬ হাজার কোটি টাকার সম্ভাব্য বাজেট ধরা হয়েছে। আগামী অক্টোবরের শুরুর দিকে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পরই নির্বাচন কমিশন ভোটের চূড়ান্ত তারিখ ঘোষণা করতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারের অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠান এবং হাটবাজারের ছাদ ব্যবহার করে ৩০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারি মাস থেকেই বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পে সরকারের পক্ষ থেকে ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে এবং অবশিষ্ট অর্থের সংস্থান করা হবে স্থানীয় পর্যায় থেকেই।
মনোয়ারুল হক/
