বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে দ্বিপক্ষীয় বৈঠক

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ সেপ্টেম্বর): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের নিকটবর্তী ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে দুই দেশের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের পরীক্ষিত ও উষ্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পারস্পরিক স্বার্থ এবং অভিন্ন অগ্রাধিকারের ওপর ভিত্তি করে আগামী দিনে অংশীদারিত্বের নতুন ও সম্ভাবনাময় দিক উন্মোচনের ব্যাপারেও একমত হন তারা।

সহকারী প্রেস সচিব জানান, বৈঠকে ঢাকা ও আঙ্কারার ঐতিহাসিক বন্ধুত্বের পরিসর আরও বিস্তৃত ও বহুমাত্রিক করার লক্ষ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য এবং বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিশাল সম্ভাবনার দিকগুলো ঘুরেফিরে আলোচনায় এসেছে।

এছাড়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের নানা গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়েও দুই নেতা মতবিনিময় করেন। বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে পারস্পরিক স্বার্থ রক্ষায় দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ কূটনৈতিক সমন্বয় ও অংশীদারিত্ব ভবিষ্যতে আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ