মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ সেপ্টেম্বর): জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষ্যে নিউইয়র্কে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের স্বনামধন্য ‘দ্য সেন্ট রেজিস নিউইয়র্ক’ হোটেলে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। মূলত মেলানিয়া ট্রাম্পের ব্যক্তিগত আমন্ত্রণে ডা. জুবাইদা রহমান এই অনুষ্ঠানে যোগ দেন।

হোয়াইট হাউসের ব্যবস্থাপনায় মেলানিয়া ট্রাম্পের নিজস্ব উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছিল। বিশ্বমঞ্চের বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও শীর্ষস্থানীয় প্রতিনিধিরা এতে অংশ নেন।

অনুষ্ঠানের মূল আলোচ্যসূচিতে ছিল শিশুদের আধুনিক শিক্ষা, প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং অনলাইন দুনিয়ায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার নানা দিক।

মেলানিয়া ট্রাম্পের এই ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ সমানভাবে প্রসারিত করা এবং তাদের জন্য একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা। একই সঙ্গে সরকারি ও বেসরকারি খাতের যৌথ অংশীদারিত্বের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে এই প্ল্যাটফর্মে।

এর আগে চলতি বছরের মার্চ মাসে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এও অংশগ্রহণ করেছিলেন ডা. জুবাইদা রহমান। সেবারও তিনি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন।

গত মার্চের সেই ওয়াশিংটন সম্মেলনে ডা. জুবাইদা রহমান শিশুদের মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা প্রাপ্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি সবার সামনে তুলে ধরেছিলেন। সে সময় তিনি শিশুদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবার পরিধি বিস্তৃত করা এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে অত্যন্ত দায়িত্বশীল উপায়ে কাজে লাগানোর অপরিহার্যতা জোরালোভাবে তুলে ধরেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ