বিশ্বব্যাংকের সমর্থন বাড়াতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ সেপ্টেম্বর): জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের উদ্দেশ্যে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে এই পার্শ্ববৈঠকটি সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক।
তিনি জানান, উক্ত বৈঠকে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন অগ্রাধিকার, দেশের চলমান অর্থনৈতিক অগ্রগতি এবং উভয় পক্ষের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠককালে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশ্বব্যাংকের অংশীদারত্ব ও সহযোগিতা আরও বেগবান করার পাশাপাশি ভবিষ্যতে এই সম্পর্কের পরিধি ও সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার সম্ভাবনা নিয়ে দুই শীর্ষ নেতা গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।
সূত্র: বাসস
মনোয়ারুল হক/
