এমপি গাজী নজরুলের বিষয়ে সংসদের চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ সেপ্টেম্বর): সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি স্পষ্ট করেছেন যে, এসংক্রান্ত কোনো চিঠি এখনো নির্বাচন কমিশনের হাতে পৌঁছায়নি; চিঠি পাওয়ার পরই আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব আরও জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল। তবে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী, সংসদ থেকে চিঠি না আসা পর্যন্ত নির্বাচন কমিশনের স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই।
এর আগে গত রোববার (২০ সেপ্টেম্বর) সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের (যিনি পূর্বে জামায়াত থেকে বহিষ্কৃত হয়েছেন) দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পরই এই সংসদ সদস্যকে নিয়ে নতুন করে আলোচনার ঝড় ওঠে।
উল্লেখ্য, গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সাতক্ষীরা-৪ আসনের এই সংসদ সদস্য। নৈতিক স্খলনের দায়ে তখন তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি, দলটির পক্ষ থেকেও এ বিষয়ে সংসদ ও নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেওয়া হয়েছিল।
মনোয়ারুল হক/
