সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ নভেম্বর): সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জানান, গত ৭ নভেম্বর সৌদি আরবে সংঘটিত ওই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত প্রবাসী বাংলাদেশি নিহত এবং আরও ছয়জন আহত হওয়ার খবরে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিহতদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি, দুর্ঘটনায় আহতদের দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, এই সংকটে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে অবস্থান করছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এবং আহতদের সর্বাত্মক সহযোগিতা প্রদান অব্যাহত রাখা হবে।
মনোয়ারুল হক/
