মিস ইউনিভার্স মাহি লড়বেন আন্তর্জাতিক মঞ্চে

বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ নভেম্বর): বিশ্বের অন্যতম বৃহৎ সুন্দরী অন্বেষণের বৈশ্বিক আসর ‘মিস ইউনিভার্স’। প্রতি বছর মূল প্রতিযোগিতার আগে বিভিন্ন দেশের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়, যেখান থেকে নির্বাচিত প্রতিনিধিরা আন্তর্জাতিক মূল মঞ্চে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন।

এবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর খেতাব জয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেওয়া হয়। মাহির মাথায় মুকুট পরিয়ে দেন গত আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা, যিনি সম্পর্কে মাহির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু।

এই অর্জনের সুবাদে মাহি দেশের ‘সেরা সুন্দরী’ হিসেবে স্বীকৃতি পেলেন এবং তিনিই আসন্ন ৭৫তম মিস ইউনিভার্স আসরে দেশের হয়ে লড়বেন। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকোতে এই বিশ্ব আসর অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবেন মাহি।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিহিত ছবি শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করে মাহি লিখেছেন, “একটি স্বপ্ন, একটি মুকুট, আর নিজের চেয়েও অনেক বড় এক দায়িত্ব। অসামান্য গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট অর্জন করতে পেরে আমি সম্মানিত ও গর্বিত। এটি শুধু আমার একার মুহূর্ত নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত। আর এখনই শুরু হলো নতুন এক পথচলা। আমার দেশ, আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে।”

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে বিজয়ী মাহি (মাঝে ফুল হাতে)

মূল প্রতিযোগিতার দিনক্ষণ ঘনিয়ে আসায় প্রস্তুতির জন্য খুব বেশি সময় হাতে পাচ্ছেন না মাহি। তবে গতবারের বিজয়ী ও বন্ধু মিথিলা পাশে থাকায় এবং তার সহযোগিতা পাওয়ায় স্বল্প সময়ের মধ্যেই নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নিতে পারবেন বলে আত্মবিশ্বাসী মাহি।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে তাদের কেউই বিশ্বমঞ্চে উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জন করতে পারেননি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ