আজ উদযাপিত হচ্ছে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ নভেম্বর): হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব আজ রোববার। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে মূলত শ্যামাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আগমনকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে পূজার নানা আয়োজন এবং সর্বত্র বইছে আনন্দ-উচ্ছ্বাস।

বাঙালি সংস্কৃতিতে কালীপূজা ও দীপাবলির উৎসবের গুরুত্ব অপরিসীম। আলোর এই উৎসবকে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা ‘দীপাবলি’ নামে অভিহিত করলেও, অবাঙালি হিন্দুরা একে ‘দিওয়ালি’ বলে থাকেন। এই ধর্মীয় উৎসবটি আবার অনেকের কাছে ‘দীপান্বিতা কালীপূজা’ হিসেবেও পরিচিত। অশুভ ও অকল্যাণের প্রতীক অন্ধকারকে হটিয়ে শুভ এবং কল্যাণের প্রতিষ্ঠা করতে হিন্দু ধর্মাবলম্বীরা শত শত বছর ধরে এই উৎসব পালন করে আসছেন। বাঙালি, অসমীয়া ও ওড়িয়া হিন্দুরা এই তিথিতেই কালীপূজা উদ্‌যাপন করেন।

পঞ্জিকা অনুসারে, রোববার দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে, যার সমাপ্তি ঘটবে আগামীকাল সোমবার বেলা ১১টা ৫৮ মিনিটে।

সাধারণত মধ্যরাতে কালীপূজার সূচনা হয়। একই তিথিতে কালীপূজার পাশাপাশি অনেকেই আবার লক্ষ্মীপূজাও সম্পন্ন করবেন। কালীপূজার এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা সন্ধ্যায় নিজেদের বাড়ি ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করার মাধ্যমে স্বর্গীয় পিতা-মাতা এবং মৃত আত্মীয়স্বজনদের স্মরণ করে থাকেন।

এদিকে শ্যামাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগ থানাধীন শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন মন্দির ও মণ্ডপে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ