আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৮ নভেম্বর): ইসরায়েলে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে এক নাটকীয় পটপরিবর্তন ঘটেছে। বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে বিরোধী জোটের অন্যতম শীর্ষ নেতা গাদি আইজেনকোটের হাতে সরকার গঠনের আমন্ত্রণ তুলে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নেসেট নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে আরব দলগুলোর সমর্থন পাওয়ায় প্রেসিডেন্ট প্রথমে আইজেনকোটকেই সরকার গঠনের সুযোগ দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ২৮ দিনের মধ্যে আইজেনকোটকে সরকার গঠন করতে হবে, যা পরবর্তীতে প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো সম্ভব।
দায়িত্ব পাওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক এই প্রধান সামাজিক মাধ্যমে এক প্রতিক্রিয়ায় জানান, বর্তমান পরিস্থিতিতে একটি জাতীয় জরুরি সরকার গঠনই মূল লক্ষ্য এবং এই দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা চালানো হবে।
ইসরায়েলের রাজনৈতিক ঐতিহ্য অনুযায়ী কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সেখানে সবসময় জোট সরকার গঠিত হয়ে আসছে। গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর জোট ১২০টি আসনের মধ্যে ৫৩টিতে জয়লাভ করে। অন্যদিকে গাদি আইজেনকোটের বিরোধী জোট পায় ৪৮ আসন এবং আরব দলগুলো লাভ করে ১৯ আসন। এই ১৯টি আসনই এখন নতুন সরকার গঠনের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করছে। আইজেনকোট ও তার জোট যদি আরব দলগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছায়, তবে খুব দ্রুতই সরকার গঠন করা সম্ভব হবে।
তবে এখন পর্যন্ত আরব দলগুলোর সঙ্গে জোট গঠনে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে আইজেনকোটের শিবিরে। তার জোটে থাকা ইহুদিবাদী দলগুলো আরবদের সঙ্গে জোটে যেতে আগ্রহী নয়। এর পরিবর্তে তারা বর্তমানে অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিস্তারিত আলোচনার পরই তিনি আইজেনকোটকে সরকার গঠনের এই দায়িত্ব অর্পণ করেছেন এবং বিষয়টি নেতানিয়াহু ও আইজেনকোট—উভয়কেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী হিসেবে গাদি আইজেনকোটের পক্ষে মোট ৬৭ জন সংসদ সদস্যের সমর্থন পাওয়া গেছে, যেখানে নেতানিয়াহুর পক্ষে প্রস্তাব এসেছে ৪৬টি আসনের। উল্লেখ্য, ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের মোট ১২০টি আসনের মধ্যে সরকার গঠনের ম্যাজিক ফিগার হলো ৬১টি আসন। সূত্র: বিবিসি
মনোয়ারুল হক/
