শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ নভেম্বর): শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে এই নিরাপত্তা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটির সদর দপ্তর।
রোববার (৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল; এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় নিরাপত্তা রক্ষা ও নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন।
মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তির সহায়তায় লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সাধারণ মানুষের জানমালের পূর্ণ নিরাপত্তা বিধান, স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং শিল্পাঞ্চলের সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে বিজিবির এই সতর্ক পাহারা ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
মনোয়ারুল হক/
