জিদানকে নিয়ে ফরাসি সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা

ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৯ সেপ্টেম্বর): ফরাসি জাতীয় দলের কোচ হিসেবে নিজের দায়িত্ব পালনের শুরুতে প্রথম স্কোয়াড ঘোষণা করেছেন জিনেদিন জিদান। কিংবদন্তি এই ফুটবলারের প্রথম দল ঘোষণার পরপরই তা নিয়ে দেশের গণমাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। ফরাসি সংবাদমাধ্যমের চোখে, দিদিয়ের দেশমের অধ্যায় চুকিয়ে ফরাসি ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার এক স্পষ্ট বার্তা দিয়েছেন জিদান।

দেশের জনপ্রিয় ক্রীড়া দৈনিক লেকিপ জিদানের প্রথম স্কোয়াড নিয়ে শিরোনাম করেছে, ‘জিদান শুরু থেকেই নিজের সিদ্ধান্ত নিচ্ছেন।’ আরেকটি প্রভাবশালী পত্রিকা লা প্যারিসিয়ান লিখেছে, ‘প্রথম দল ঘোষণাতেই নিজের কাজের ছাপ ফুটিয়ে তুলতে শুরু করেছেন নতুন কোচ।’

আসন্ন নেশনস লিগের লড়াইকে সামনে রেখে ১৮ সেপ্টেম্বর ২৩ সদস্যের দল প্রকাশ করেন জিদান। এই দলে নতুন মুখের দেখা মিলেছে পাঁচজন। তারা হলেন—গিয়োম রেস্ত, অ্যান্ডি দিয়ুফ, লুকা দা কুনহা, জেরেমি জাকে এবং এস্তেবান লেপল। সেই সঙ্গে দীর্ঘ প্রায় চার বছর পর ফরাসি জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে আদ্রিয়েন ত্রুফের।

প্রত্যাশিতভাবেই জিদানের এই দলে জায়গা ধরে রেখেছেন কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, আদ্রিয়েন রাবিও, দায়ো উপামেকানো ও মাইক মাইগনাঁর মতো অভিজ্ঞ তারকারা। এবারের নেশনস লিগেও বরাবরের মতো এমবাপ্পের কাঁধেই থাকছে ফরাসি দলের অধিনায়কের দায়িত্ব।

এদিকে দল ঘোষণার পর সংবাদমাধ্যম ও ফুটবল মহলে সবচেয়ে বেশি আলোচনার ঝড় তুলেছে দলের বেশ কয়েকজন পরিচিত মুখের অনুপস্থিতি। থিও হার্নান্দেজ, লুকা হার্নান্দেজ, অরেলিয়েন চৌমেনি, এনগোলো কন্তে, লুকাস দিন এবং মালো গুস্তোর মতো অভিজ্ঞ তারকারা জিদানের এই প্রাথমিক দলে জায়গা পাননি।

চৌমেনির বাদ পড়ার কারণ হিসেবে শারীরিক অবস্থার কথা তুলে ধরেছেন জিদান। অন্যদিকে, ৩৫ বছর বয়সি কন্তেকে বাইরে রাখার সিদ্ধান্তটি একান্তই নিজের পছন্দ বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তরুণ ও নতুন খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করার যৌক্তিকতাও ব্যাখ্যা করেছেন এই বিশ্বকাপজয়ী ফুটবলতারকা।

পুরোনো দলের সঙ্গে বর্তমান স্কোয়াডের ব্যবধান নিয়ে জিদান পরিষ্কার ভাষায় বলেন, ‘এখানে কোনো বিচ্ছেদের কিছু নেই, এটি মূলত একধরনের ধারাবাহিকতা।’

আগামী ২৬ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে ম্যাচের মাধ্যমে ফরাসি দলের প্রধান কোচ হিসেবে ডাগআউটে অভিষেক হতে চলেছে জিনেদিন জিদানের। বর্তমান আন্তর্জাতিক বিরতির এই ম্যাচ ছাড়াও ফরাসিরা এর পরদিনই মাঠে নামবে বেলজিয়াম ও ইতালির বিপক্ষে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ