আবারও নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার সেই ঐতিহাসিক পোশাক
লাইফস্টাইল ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৯ সেপ্টেম্বর): ১৯৯৪ সালের এক বিকেল। লন্ডনের একটি টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানে প্রিন্স চার্লস ক্যামিলার সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন। আর ঠিক সেই দিনই সন্ধ্যার সময় লন্ডনের সার্পেন্টাইন গ্যালারির একটি চ্যারিটি অনুষ্ঠানে হাজির হন প্রিন্সেস ডায়ানা। সে সময় তাঁর পরনে ছিল একটি নজরকাড়া স্ট্র্যাপলেস কালো সিল্কের ইভনিং গাউন। ফ্যাশন গবেষকরা যার নাম দিয়েছিলেন ‘রিভেঞ্জ ড্রেস’। বহুল আলোচিত এই পোশাকটি চলতি বছরের ডিসেম্বরে নিলামে তুলতে যাচ্ছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। ধারণা করা হচ্ছে, ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের নকশা করা রাজকীয় এই কালো পোশাকটি আগামী ৯ ডিসেম্বরের নিলামে প্রায় ৩ লাখ ডলারে বিক্রি হতে পারে।
সদবি’স-এর হ্যান্ডব্যাগ ও ফ্যাশন বিভাগের গ্লোবাল হেড মর্গেন হালিমি এ প্রসঙ্গে জানান, ‘ডায়ানা খুব ভালোভাবে জানতেন কীভাবে ফ্যাশনকে যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজে লাগাতে হয়। এই পোশাকটি পরে তিনি ঠিক সেটাই করেছিলেন।’
১৯৯৭ সালে প্রথমবার পোশাকটি নিলামে ওঠানো হয়েছিল। সে সময় নিজের মর্মান্তিক মৃত্যুর মাত্র কয়েকমাস আগে দাতব্য কাজের জন্য তহবিল সংগ্রহ করতে নিজের আলমারির ৭৯টি পোশাক বিক্রির সিদ্ধান্ত নেন ডায়ানা। তখন গ্লাসগোর বাসিন্দা ব্রিগ ও গ্রেম ম্যাকেঞ্জি ৫২ হাজার ৯১৭ ডলার দিয়ে এই গাউনটি কিনে নেন। পরবর্তীতে গ্রেম ম্যাকেঞ্জি পোশাকটি পুনরায় বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে নিলামে তোলার আগে আগামী ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত লন্ডনে পোশাকটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এরপর এটি হংকং, জেনেভা ও নিউইয়র্ক ঘুরে মূল নিলামের মঞ্চে পৌঁছাবে। তাছাড়া, ডায়ানা ও ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের সই করা ১৯৯৭ সালের নিলাম ক্যাটালগের একটি কপিও এই পোশাকটির সঙ্গে বিক্রি করা হবে। এই বিক্রয়লব্ধ অর্থের একটা নির্দিষ্ট অংশ অনুদান হিসেবে প্রদান করা হবে এডিনবরা হাসপাতালে। সূত্র: বিবিসি
মনোয়ারুল হক/
