দেশের গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ সেপ্টেম্বর): সাংবাদিকদের সক্রিয় ভূমিকার কারণেই দেশে গণতন্ত্র এখনও টিকে আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, বিগত ১৭ বছরে দেশ কোন পরিস্থিতিতে পরিচালিত হয়েছে, তা আপনারা সবাই অবগত আছেন। এ কারণে সাংবাদিকদের বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখে দেশ ও গণতন্ত্রের স্বার্থে দায়িত্ব পালন করতে হবে। সংবাদকর্মীদের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে কোনো ধরনের সমস্যায় পড়লে আপনারা অবিলম্বে আমাকে অবহিত করবেন।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্।
মনোয়ারুল হক/
