ব্রিকস আমন্ত্রণপত্রে অসন্তুষ্ট ঢাকা, দিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ সেপ্টেম্বর): ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে তাকে দেশের সরকারপ্রধান হিসেবে নয়, বরং কেবল ‘বিমসটেক চেয়ার’ হিসেবে আমন্ত্রণ জানানোয় এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রী জানান, আমন্ত্রণপত্রের এই ধরনের প্রটোকল বা উপস্থাপনকে ভালোভাবে নেয়নি বাংলাদেশ। তিনি বলেন, ‘দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী কীভাবে যাবেন? বাংলাদেশ সরকারের কাউকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেক চেয়ার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে নয়।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লির ওই শীর্ষ সম্মেলন বসার কথা রয়েছে। তবে বহুপক্ষীয় এই ফোরামে অংশগ্রহণের চেয়ে দিল্লির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও আলোচনাকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দিল্লি সফরের ক্ষেত্রে বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণের চেয়ে দ্বিপক্ষীয় সফরে গুরুত্ব দিচ্ছি। পরিবেশ অনুকূল হলে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকলেই কেবল দ্বিপক্ষীয় সফর হবে, এখানে তাড়াহুড়ো করার কিছু নেই।’

সংবাদ সম্মেলনে গঙ্গার পানি চুক্তি নবায়ন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, দেশের জাতীয় স্বার্থ রক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভারতের গণমাধ্যমের প্রচার বা মন্তব্যের চেয়ে দেশের স্বার্থই তাদের কাছে মুখ্য। এছাড়া বাণিজ্য ঘাটতি ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা চলমান থাকলেও এই মুহূর্তে চূড়ান্ত কোনো নতুন আপডেট নেই বলে জানান তিনি।

দীর্ঘমেয়াদি রোহিঙ্গা সংকট নিরসন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এত জটিল ও সংবেদনশীল বিষয়ে হুট করে সুনির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া বাস্তবসম্মত নয়। এর জন্য ধৈর্যের পাশাপাশি অত্যন্ত দ্রুত ও কার্যকর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

অন্যদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন এবং প্রধানমন্ত্রীর সান ফ্রান্সিসকো সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, সার্বিক প্রস্তুতি চলছে এবং সফরসূচি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ