কঙ্গোয় দুই স্কুলে ভয়াবহ আগুন, ২৪ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১১ সেপ্টেম্বর): কঙ্গোর পূর্বাঞ্চলে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরের দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হুড়োহুড়ি ও পদদলিত হয়ে অন্তত ২৪ জন কোমলমতি শিশুর প্রাণহানি ঘটেছে।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঘনবসতিপূর্ণ কাদুতু এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আকস্মিক আগুন ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক তৈরি হয় এবং নিরাপদ আশ্রয়ে ছুটে যাওয়ার সময় হুড়োহুড়িতে এই প্রাণহানির ঘটনা ঘটে। শিশুদের পাশাপাশি বেশ কয়েকজন প্রাপ্তবয়স্ক মানুষেরও মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন হাসপাতালের ফুটেজে হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে। যন্ত্রণায় শিশুদের আর্তনাদ এবং অনেকের নিথর দেহ পড়ে থাকার দৃশ্য স্থানীয়দের শোকে স্তব্ধ করে দিয়েছে।
এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এর আশেপাশের অন্তত ৩০০টি ঘরবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
বিদ্রোহী নেতৃত্বাধীন স্থানীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাথমিকভাবে ২৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। রয়টার্সের সঙ্গে কথা বলার সময় একজন প্রত্যক্ষদর্শী জানান, বিকেলের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ধ্বংসস্তূপ এবং ধসে পড়া টিনের চালের নিচ থেকে তখনো ধোঁয়া উড়ছিল। সূত্র: বিবিসি
মনোয়ারুল হক/
