প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ আগস্ট): প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পাওয়া নতুন চার সদস্য।

আজ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ নেতৃত্বের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে সদ্য জায়গা পাওয়া চার নতুন মুখ অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম (ডোনার) ও মো. ইসমাইল জবিউল্লাহ।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুর ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সৌজন্যমূলক এই সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সচিবালয়ে সাক্ষাতের আগে সকালে এই চার নেতা শেরেবাংলা নগরে গিয়ে জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং গভীর শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় গঠনতন্ত্র ও সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক গতিশীলতা বাড়াতে এই চারজনকে স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন। দল আশা প্রকাশ করেছে, এই অভিজ্ঞ ও বিচক্ষণ নেতারা তাদের সুচিন্তিত পরামর্শের মাধ্যমে দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে জোরালো ভূমিকা রাখবেন।

২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে মৃত্যু ও পদচ্যুতির কারণে ফাঁকা হওয়া পদগুলোতে নতুন মুখ অন্তর্ভুক্ত করা হয়েছে। সাম্প্রতিক এই মনোনয়নের আগে ১৯ সদস্যের এই কমিটিতে ১৩ জন দায়িত্ব পালন করছিলেন।

পূর্বের ১৩ জন সদস্য: তারক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এদিকে, বর্তমান কমিটির অন্যতম শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই তিনি দলীয় সকল পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।

সর্বশেষ এই চারজন নতুন নেতা যুক্ত হওয়ার ফলে বর্তমানে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম তথা জাতীয় স্থায়ী কমিটির মোট সদস্য সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৭ জনে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ