সবাই ঠিকভাবে কাজ করলেই দেশে পরিবর্তন আসবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ আগস্ট): দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কাজ সঠিকভাবে সম্পন্ন করলেই দেশের সামগ্রিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে অপ্রয়োজনীয় খাতের ব্যয় কমিয়ে আনার প্রচেষ্টা চলছে, তবে অপরিহার্য ও প্রয়োজনীয় খাতে বরাদ্দ ও ব্যয় অব্যাহত থাকবে। পেছনের দিকে না তাকিয়ে সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে হলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনগণের মাঝে রাজস্ব সংক্রান্ত বিভ্রান্তি দূর করাকেই বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সৎ ও দক্ষ কর্মকর্তাদের কাজের পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, যারা সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, সরকার তাদের আরও বেশি কাজের সুযোগ করে দেবে। এছাড়া রাজস্ব কর্মকর্তাদের শাস্তিমূলক বা দণ্ডের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে পুনর্বিবেচনা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
উক্ত সম্মেলনে মূলত রাজস্ব আহরণ বৃদ্ধি, কর ব্যবস্থাপনা আধুনিক ও কার্যকর করা এবং জাতীয় অর্থনীতির প্রয়োজনে পর্যাপ্ত রাজস্ব সংস্থানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। এতে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
