সরকারের ৬ মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ আগস্ট): প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উদযাপিত হয়েছে। এই উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় সরকারের গত ছয় মাসের সার্বিক কার্যক্রম, মূল অর্জন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মকাণ্ডের তথ্যও তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের সদস্যরা।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসনে নিরঙ্কুশ জয়লাভ করে বিএনপি সরকার গঠন করে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পাঁচ দিন পর, অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করে। এই ৪৭ সদস্যের মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী এবং ২৩ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। সেই হিসাব অনুযায়ী, গত ১৬ আগস্ট এই সরকারের সফলভাবে ছয় মাস পূর্ণ হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর গত ১৮০ দিনে অর্থনীতি পুনরুদ্ধার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, স্বাস্থ্য ও শিক্ষা খাতের অগ্রগতি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার এবং কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ খাতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ