বিগত সরকারের দুর্নীতিতেই বিদ্যুৎ খাতে সংকট: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিনিধি (পঞ্চগড়), এবিসিনিউজবিডি, (১৬ আগস্ট) : বিগত সরকারের আমলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ফলেই আজ বিদ্যুৎ খাত গভীর সংকটের মুখে পড়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এই নির্মম বাস্তবতার মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রবিবার (১৬ আগস্ট) সকালে পঞ্চগড় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক অঙ্গনে ইরান-ইসরায়েল ও আমেরিকার চলমান সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনায় জ্বালানি ও বিদ্যুৎ খাতে বাড়তি চাপ তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলায় সোলার বিদ্যুৎ উৎপাদনে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বাড়ির ছাদ, অনাবাদি জমি ও নদীর তীরসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে ব্যক্তিগত, সমষ্টিগত এবং বিনিয়োগকারীদের মাধ্যমে সোলার বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে।

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে বর্তমান সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজে বিষয়টি দেখভাল করছেন এবং জনগণের কাছে দুঃখ প্রকাশ করে সহযোগিতা চেয়েছেন। আশা করা হচ্ছে, খুব দ্রুতই এই সংকট কাটিয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এমনকি আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুতের ঘাটতি পূরণ করে চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের আশাও প্রকাশ করেন তিনি।

পঞ্চগড়ের রাজনৈতিক পরিবেশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, দলীয় মতভেদ ভুলে সব রাজনৈতিক দলের নেতৃত্বকে সঙ্গে নিয়ে একটি সর্বজনীন পঞ্চগড় গড়ে তুলতে হবে। সরকারের কোনো ভুলত্রুটি থাকলে অন্য দলের নেতারা গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দিতে পারেন, যা সরকার আলোচনার মাধ্যমে গ্রহণ করে বাস্তবায়ন করবে।

অনুষ্ঠানে মাছকে দেশের মানুষের জন্য নিরাপদ ও গুরুত্বপূর্ণ প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস হিসেবে উল্লেখ করে মাছের উৎপাদন বৃদ্ধির তাগিদ দেন তিনি। সাধারণ মানুষকে স্বাবলম্বী করা এবং পুষ্টির চাহিদা মেটাতে মৎস্য চাষে আরও জোর দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এ সময় পঞ্চগড় জেলায় প্রায় চার মেট্রিক টন মৎস্য ঘাটতি রয়েছে বলে জানান তিনি। আগামী মৎস্য সপ্তাহের আগেই এই ঘাটতি কাটিয়ে পঞ্চগড়কে একটি উদ্বৃত্ত মৎস্য উৎপাদনকারী জেলায় রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন। জেলার প্রায় পৌনে ১২ লাখ মানুষের আমিষের চাহিদা মেটাতে বিত্তবানদের পাশাপাশি সাধারণ মানুষকেও মৎস্য চাষে এগিয়ে আসার আহ্বান জানান ফরহাদ হোসেন আজাদ।

পঞ্চগড় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ডা. কে এম আব্দুল হালিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় কৃতি ব্যক্তিদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মনোয়ারুল হক/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ