সরকারবিরোধী শেখ হাসিনার বক্তব্যে ভারতের কোনো সমর্থন নেই: জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৭ আগস্ট) : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি কোনো আয়োজনে শেখ হাসিনার দেওয়া বক্তব্য বা মতামতের সঙ্গে নয়াদিল্লির কোনো সম্পর্ক নেই এবং বাংলাদেশ সরকারের বিষয়ে তার দেওয়া মন্তব্যের প্রতিও ভারতের কোনো সমর্থন নেই।

শুক্রবার (৭ আগস্ট) নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সাম্প্রতিক একটি বেসরকারি গণমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি সরকারকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই ব্যাখ্যা দেয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল স্পষ্ট করে জানান, ওই অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি উদ্যোগ ছিল এবং এর সঙ্গে ভারত সরকারের বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা বা ভূমিকা ছিল না।

তিনি আরও জোর দিয়ে বলেন, এই ধরনের কোনো ফোরামে উপস্থাপিত বক্তব্যের প্রতি ভারত সরকারের কোনো সমর্থন নেই। বিশেষ করে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বা বৈধভাবে গঠিত সাংবিধানিক সরকারের বিষয়ে সেখানে যে মতামত প্রকাশ করা হয়েছে, তার সঙ্গেও নয়াদিল্লির কোনো সায় নেই।

এছাড়াও ব্রিফিংয়ে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভারত সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ