গ্যাস সংকট-বিদ্যুতের বাড়তি বিলের প্রতিবাদে চুলা-পাতিল নিয়ে ১১ দলের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৬ আগস্ট) : গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর পল্টনের মুক্তাঙ্গনে চুলা ও পাতিল হাতে অবস্থান কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এই কর্মসূচিতে জোটভুক্ত দলগুলোর নারী কর্মীরা রান্নার পাতিল ও গ্যাসের চুলা হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন। এ সময় বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন নেতাকর্মীরা, যার ফলে পল্টন, বিজয়নগর ও প্রেসক্লাব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

কর্মসূচি থেকে বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানের লক্ষ্যে ১০ দফা জনদাবি পেশ করা হয়। প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— গত তিন মাসের ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের বিষয়ে গণশুনানি করা, এর সঙ্গে জড়িতদের শাস্তি এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়া। পাশাপাশি প্রিপেইড ও পোস্টপেইড মিটারে সব ধরনের অযৌক্তিক চার্জ বাতিল, অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া এবং বিলিং ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়। গ্যাস সরবরাহ না থাকলে বিল গ্রহণ বন্ধ রাখার পাশাপাশি গ্যাস উৎপাদন বাড়ানো, নতুন কূপ খনন এবং আমদানিনির্ভরতা কমাতে দীর্ঘমেয়াদি জ্বালানি নীতি প্রণয়নের আহ্বান জানায় জোটটি।

দাবিগুলোর মধ্যে আরও অন্তর্ভুক্ত রয়েছে— মহেশখালী এলএনজি টার্মিনালের ব্যর্থতার তদন্ত ও ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ, গ্যাসের সিস্টেম লস ও চুরি রোধ করা, স্মার্ট মিটারিং চালু করা এবং পুরোনো পাইপলাইন সংস্কার করা। এছাড়া শিল্প, ব্যবসা ও বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করার পাশাপাশি এলপিজি ও সিএনজির পর্যাপ্ত সরবরাহ এবং জ্বালানি খাতের দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়েছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলের অন্যান্য শীর্ষ নেতারা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ