ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২ আগস্ট) : রাজধানী ঢাকাকে যানজটমুক্ত ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে এর চারপাশের নদীগুলোতে নৌপথ পুনরায় সচল করার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে নদীদূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।
এছাড়া, আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব যাচাই-বাছাই সাপেক্ষে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পরিবেশের সুরক্ষা ও নদীর তীরবর্তী এলাকার সৌন্দর্য বর্ধনে ওয়াকওয়ের চারপাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর ওপর বিশেষ জোর দেন সরকারপ্রধান। প্র
ধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
