আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক (ঠাকুরগাঁও), এবিসিনিউজবিডি, (২ আগস্ট) : ঠাকুরগাঁও মেডিকেল কলেজে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আগামী বছর (২০২৭) থেকেই শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুব দ্রুতই এই প্রস্তাবিত মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মূল কাজ শুরু হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে দক্ষ চিকিৎসক তৈরির পথ সুগম হওয়ার পাশাপাশি স্বাস্থ্য খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এ অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা প্রাপ্তি আরও সহজ হবে।

রবিবার সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে নেপাল সরকারের সহযোগিতায় আয়োজিত এক আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, দেশের প্রতিটি অঞ্চলের প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের ঢাকার ওপর নির্ভরতা কমাতেও এই মেডিকেল কলেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এলাকার স্বাস্থ্যসেবার মান আরও একধাপ এগিয়ে নিতে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে ইতোমধ্যেই ৬০০ শয্যায় উন্নীত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া নেপাল সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আয়োজিত এই চক্ষু শিবির বা আই ক্যাম্প স্থানীয় চক্ষু রোগীদের উন্নত সেবা প্রদানে বড় ধরনের ভূমিকা রাখবে। পরবর্তীতে পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় এ ধরনের আই ক্যাম্পের পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, পদ্ম নারায়ন চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ