বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (যশোর), আলোকিত সময়, (৩ জুলাই) : বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের দাম তাৎক্ষণিক কমিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউজে এক মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী যশোর জেলার পল্লী বিদ্যুৎ সমিতি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের এলপিজি খাতের প্রায় ৯৮ শতাংশই আমদানির ওপর নির্ভরশীল এবং এই পুরো প্রক্রিয়াটি বেসরকারি খাতের মাধ্যমে পরিচালিত হয়। তা সত্ত্বেও জনগণের স্বস্তির কথা বিবেচনা করে বৈশ্বিক বাজারের সাথে মিল রেখে সরকার দ্রুত দাম কমানোর এই পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। যখনই বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে, তখনই আমরা মূল্য সমন্বয় করেছি। রাতারাতি বড় মূল্য সমন্বয় হয়েছে। যখনই সুযোগ হবে তখনই ধাপে ধাপে জ্বালানির দাম কমিয়ে সস্তি আনা হবে।’
ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশোডিং প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘এই তপ্ত গ্রীষ্মে বিদ্যুতের সার্ভিস নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। কয়েক জায়গায় বিদ্যুৎ বিল নিয়ে নানা অভিযোগ উঠেছে, আমরা প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার করেছি। সেখানে যোগাযোগ করে সমাধান করার নির্দেশনা দিয়েছি।’
তিনি বলেন, ‘বিএনপি জনগণের সরকার। জনগণের সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’
এসময় প্রতিমন্ত্রীর সাথে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, শুক্রবার সকালে যশোর উপশহরে সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার’স অফিস যশোর বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে।
এসময় সেখানে পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বৃক্ষ রোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দেন। এরপর থেকে প্রতি বছর এই কর্মসূচির বিস্তার লাভ করেছে।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কথা বলেছেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্কুল থেকে শুরু করে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বৃক্ষ রোপণ করছে।
আজ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের ম্যানেজার ইকবাল কবির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার ডিজিএম মনিরুল ইসলাম, এজিএম মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের সভাপতি দবীর উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজীব প্রমুখ।
মনোয়ারুল হক/
