ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল
ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ জুলাই) : নাটকীয় এক ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল। ইনজুরি টাইমে অফসাইডের কারণে গোল বাতিল হওয়ায় শেষ মুহূর্তে ভেঙে পড়ে ক্রোয়েশিয়ার স্বপ্ন।
শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় টরন্টো স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল। তবে একের পর এক সুযোগ নষ্ট হওয়ায় বিরতিতে ম্যাচ থাকে গোলশূন্য।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের গতি বদলে দেয় ক্রোয়েশিয়া। আগের চেয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। এক পর্যায়ে বক্সের ভেতরে ডিফেন্ডারদের মাঝ দিয়ে এগিয়ে যান মাতেও কোভাচিচ, তবে তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা।
চাপ অব্যাহত রেখেই ম্যাচের ৫৩ মিনিটে সফলতা পায় ক্রোয়েশিয়া। ডান দিক থেকে জোসিপ স্তানিসিচের নিখুঁত ক্রসে ইভান পেরিসিচ বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে পর্তুগালকে পিছিয়ে দেন। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।
এরপর আরও আক্রমণ চালায় তারা। ৫৭ মিনিটে আবারও বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। অন্যদিকে ৬০ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করলে সেটিও অফসাইডে বাতিল করে দেন রেফারি।
ম্যাচে বড় মোড় আসে কর্নারের সময়। বক্সে রেনাটো ভেইগাকে অব দ্য বল অবস্থায় আটকে দেন ক্রোয়েশিয়ার নিকোলা ভ্লাশিচ। ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো।
৭৫ মিনিটে আবারও সুযোগ পায় ক্রোয়েশিয়া। মাঝমাঠ থেকে দারুণ ড্রাইভে এগিয়ে গিয়ে শট নেন কোভাচিচ, যা পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে দ্বিতীয় শটেও তাকে রুখে দেন পর্তুগিজ গোলরক্ষক।
এরপর আবারও অফসাইডের ফাঁদে পড়ে ক্রোয়েশিয়া। পেতার সুচিচ বল জালে পাঠালেও লাইন্সম্যানের পতাকা উঠতেই গোল বাতিল হয়ে যায়। ৮১ মিনিটে রোনালদোর পরিবর্তে মাঠে নামেন রুবেন নেভেস।
ইনজুরি টাইমে (৯০+৪) পর্তুগালের ব্যবধান বাড়ান গনজালো রামোস। বাঁ প্রান্তে দারুণ নৈপুণ্য দেখান রাফায়েল লিয়াও। তার নিখুঁত ও পিন-পয়েন্ট ক্রস বক্সে পৌঁছে যায় সোজা রামোসের মাথায়। তিনি কোনো ভুল করেননি। চমৎকার এক হেডে বল জালে পাঠিয়ে পর্তুগালকে এগিয়ে দেন।
শেষ সময়ে একাধিকবার চেষ্টা চালিয়ে যায় ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ের ১২ মিনিটে ইয়োস্কো গার্দিওল বল জালে জড়িয়ে ক্রোয়েশিয়াকে উল্লাসে ভাসান। এতে সমতায় ফেরে তারা। কিন্তু ভিএআর পর্যালোচনা করে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। আর রেফারি শেষ বাঁশি বাজালে কান্নায় ভেঙে পড়েন খেলোয়াড়-সমর্থকরা। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ক্রোয়েশিয়াকে।
মনোয়ারুল হক/
