মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক (ঠাকুরগাঁও), এবিসিনিউজবিডি, (৩ জুলাই) : একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা কতটা শক্তিশালী, তা অনেকাংশেই নির্ভর করে সে দেশের গণমাধ্যমের স্বাধীনতার ওপর। স্বাধীন ও নির্ভীক মিডিয়াই পারে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করতে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে আনিসুল হক মিলনায়তনে আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বক্তব্যে সাংবাদিকদের পেশাগত সততা ও সাহসিকতার ওপর জোর দিয়ে বলেন, কোনো ভয়ভীতি না রেখে সমাজ ও রাষ্ট্রের প্রকৃত সত্য তুলে ধরাই সংবাদকর্মীদের প্রধান কাজ। ভালো কাজের যথাযথ স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

তিনি স্পষ্ট করে বলেন, সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎ সাহসই হলো সাংবাদিকতার প্রকৃত শক্তি। রাজনীতিবিদদের ভুলত্রুটিগুলো ধরিয়ে দিয়ে তাঁদের সঠিক পথের দিশা দেওয়া গণমাধ্যমের অন্যতম বড় দায়িত্ব।

তিনি আরও উল্লেখ করেন যে রাজনীতিবিদরা ভুলের ঊর্ধ্বে নন এবং জনগণের জন্য কাজ করতে গিয়ে তাঁদেরও ত্রুটি হতে পারে। সেই ত্রুটিগুলো সামনে এনে জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনস্বার্থে সত্য প্রকাশ করা সংবাদমাধ্যমের মূল কর্তব্য। তবে বর্তমান প্রেক্ষাপটে সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনাগুলোতে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, ঠাকুরগাঁওয়ে নতুন দুটি উপজেলার অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত দাপ্তরিক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে কেবল অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়, এর পাশাপাশি সমাজে দক্ষ, সৎ এবং দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার প্রতিও বিশেষ গুরুত্ব দেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো বিশেষ ব্যক্তির দিকে না তাকিয়ে সবসময় কাজের মূল্যায়ন করা উচিত এবং জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আপসহীনভাবে সংবাদ প্রকাশ করা জরুরি।

অনুষ্ঠানের শেষভাগে মন্ত্রী ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান। পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতার মাধ্যমে এই কমিটি গণমানুষের আস্থা অর্জন করে প্রেসক্লাবকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ