বিএনপি সরকারের প্রথম বাজেট পাস: আগামী ৭ জুলাই পর্যন্ত সংসদ অধিবেশন মূলতবি

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১ জুলাই) : ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার বিশাল জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হয়েছে। এর মধ্য দিয়ে বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বটি সমাপ্ত হলো। বাজেট অনুমোদনের পাশাপাশি সংসদে দুটি গুরুত্বপূর্ণ বিলও পাস করা হয়। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আগামী ৭ জুলাই বিকেল ৩টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন মূলতবি ঘোষণা করেন।

মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৯তম কার্যদিবসে এই ঐতিহাসিক বাজেটটি পাস হয়। গত ৭ জুন শুরু হওয়া এই বাজেট অধিবেশনে দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর সাধারণ আলোচনা, সম্পূরক বাজেট পাস, অর্থ বিল অনুমোদনসহ অন্যান্য প্রয়োজনীয় সংসদীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে সরকার গঠনের পর এটিই বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রথম বাজেট। এর আগে ২০০৬-০৭ অর্থবছরে দলটির তৎকালীন অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান সর্বশেষ বাজেট পেশ করেছিলেন।

এবারের বাজেটের মূল খতিয়ান ও পরিসংখ্যান:

  • মোট ব্যয়: ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা (সম্ভাব্য জিডিপির ১৩.৭ শতাংশ)।
  • রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।
  • এনবিআর-এর লক্ষ্যমাত্রা: ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।
  • বাজেট ঘাটতি: ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা (যা মোট জিডিপির ৩.৬ শতাংশ)।

সংসদের এই বাজেট অধিবেশনে দীর্ঘ ও প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মূল বাজেটের সাধারণ আলোচনায় অংশ নেন মোট ২৯১ জন সংসদ সদস্য, যা চলে ৪৫ ঘণ্টা ৫১ মিনিট। এর মধ্যে সরকারি দলের ২০০ জন সদস্য ৩২ ঘণ্টা ৩ মিনিট এবং বিরোধী দলের ৯১ জন সদস্য ১৩ ঘণ্টা ৪৮ মিনিট বক্তব্য দেন।

অন্যদিকে, বিগত ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপরও বিশদ আলোচনা হয়। এই আলোচনায় ২৫ জন সংসদ সদস্য অংশ নেন এবং ৩ ঘণ্টা ৩ মিনিট ধরে বক্তব্য রাখেন। যেখানে সরকারি দলের ১৮ জন সদস্য ২ ঘণ্টা ১৪ মিনিট এবং বিরোধী দলের ৭ জন সদস্য ৪৯ মিনিট ব্যয় করেন। সব মিলিয়ে বাজেট ও সম্পূরক বাজেটের ওপর মোট ৩১৬ জন সংসদ সদস্য দীর্ঘ ৪৮ ঘণ্টা ৫১ মিনিট ধরে আলোচনা ও গঠনমূলক মতামত পেশ করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ