আদালতের সিদ্ধান্তেই নির্ধারিত হবে আওয়ামী লীগের ভাগ্য: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৩ জুন) : আওয়ামী লীগ দল হিসেবে চূড়ান্তভাবে নিষিদ্ধ হবে কি না, তা আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা স্পষ্ট করে বলেন, টেকনিক্যাল বা আইনি দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগ দলগতভাবে নিষিদ্ধ হবে কি না, সেই বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। দলটির বিরুদ্ধে ওঠা মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শেষেই এ বিষয়ে চূড়ান্ত ফয়সালা আসবে। তবে বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগ যদি মাঠে কোনো কর্মসূচি পালনের চেষ্টা করে, তবে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সরকার আইনানুগ কঠোর ব্যবস্থা নেবে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মাঠের তৎপরতা ও অবস্থান প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বিরোধী দলগুলো প্রতীকী বা মনস্তাত্ত্বিক কারণে মাঠে অবস্থান করছে। তবে এই মুহূর্তে আওয়ামী লীগের মাঠে নেমে কিছু করার মতো কোনো নৈতিক সাহস নেই।
তিনি তীব্র সমালোচনা করে বলেন, ‘চোরের মায়ের বড় গলা’ প্রবাদের মতো দেশের মানুষ সবকিছু ভুলে না যাওয়া পর্যন্ত দলটির বড় গলায় কথা বলার কোনো সুযোগ নেই। মূলত কতিপয় মাফিয়া ও লুটেরা চক্রের ওপর ভর করা এই দলটির রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর মতো কোনো নৈতিক শক্তি অবশিষ্ট নেই।
মনোয়ারুল হক/
