গণতান্ত্রিক শক্তির ঐক্যের মুখে ফ্যাসিবাদের পুনরুত্থান অসম্ভব: রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৩ জুন) : দেশের সচেতন জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ থাকায় ফ্যাসিবাদের আর ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ফ্যাসিবাদের যেকোনো ধরনের অশুভ তৎপরতা ও অপচেষ্টা নস্যাৎ করতে সবাইকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও নয়াপল্টনে এসে শেষ হয়। ফ্যাসিবাদের অনাকাঙ্ক্ষিত উঁকিঝুঁকি প্রতিহত করতেই এই যৌথ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বলে জানান তিনি।

সমাবেশে রিজভী বলেন, যারা অতীতে জনগণের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা এবং স্বাভাবিক জীবনযাত্রাকে হরণ করেছিল, তারা এখন বিদেশে পাচার করা বিপুল অর্থ ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা ও সহিংসতা ছড়ানোর চক্রান্ত করছে।

দীর্ঘদিন পর দেশে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার দুঃশাসন ও রক্তক্ষয়ী স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। আর এই সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতেই এখন নানামুখী ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে।

বিগত ১৭ বছরের নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির এই মুখপাত্র বলেন, “শত জুলুম, পুলিশি অভিযান এবং নেতাকর্মীদের গুম-খুন করেও আমাদের দমানো যায়নি। জনিসহ অসংখ্য কর্মীকে হত্যা করা হয়েছে; ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরুর মতো নেতাদের গুম করা হয়েছে। এ দেশের মানুষ আর কখনো সেই রক্তক্ষয়ী ক্রসফায়ার কিংবা গুমের রাজত্ব ফিরে আসতে দেবে না।”

বর্তমান সরকারের সাফল্যের কথা উল্লেখ করে রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন জোট সরকার গত চার মাসে কোনো রাজনৈতিক গুম, ক্রসফায়ার বা হয়রানিমূলক মিথ্যা মামলার আশ্রয় নেয়নি। আইন-শৃঙ্খলা বাহিনী শুধু চিহ্নিত অপরাধী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে।

দেশ যখন বহুদলীয় গণতন্ত্র, বাকস্বাধীনতা ও অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই দেশি-বিদেশি কিছু মহল উসকানিমূলক ও সার্বভৌমত্ববিরোধী অপতৎপরতায় লিপ্ত হয়েছে বলে তিনি সতর্ক করেন। ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশের মানুষকে কেউ ‘গোলাম’ বানিয়ে রাখতে পারবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত বিক্ষোভ মিছিলে ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিমসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ