বাংলাদেশ বিনির্মাণে ‘বাংলা কিউআর’ প্রসারে মন্ত্রণালয়গুলোর সহযোগিতা চাইলেন গভর্নর
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৩ জুন) : ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে শক্তিশালী করতে এবং দেশের অর্থনীতিতে কাগজের নোট বা নগদ অর্থের ব্যবহার কমিয়ে আনতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) প্রযুক্তি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এই পেমেন্ট ব্যবস্থাকে একদম প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং আর্থিক লেনদেনে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয়ের সর্বাত্মক সহায়তা চেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে ‘বাংলা কিউআর’ ব্যবহার সম্প্রসারণে গঠিত স্টিয়ারিং কমিটির প্রথম জরুরি বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিনিধি ছাড়াও স্টিয়ারিং কমিটির সদস্য, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ কর্মকর্তা এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে গভর্নর মো. মোস্তাকুর রহমান সরকারি সেবাকে আরও আধুনিক ও সহজলভ্য করার ওপর জোর দেন। তিনি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি প্রতিষ্ঠানের যাবতীয় ফি, চার্জ এবং অন্যান্য ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে ‘বাংলা কিউআর’ ব্যবস্থা দ্রুত চালুর তাগিদ দেন।
তিনি উল্লেখ করেন, দেশজুড়ে এর ব্যাপক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হলে নগদ টাকার ওপর নির্ভরতা অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে নাগরিক জীবনের লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ, যা সামগ্রিক আর্থিক অন্তর্ভুক্তিকে (Financial Inclusion) আরও বেগবান করবে।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়, ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গভর্নরের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং ‘বাংলা কিউআর’ এর প্রচার ও বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা আশা করছেন, সরকারি ও বেসরকারি—উভয় স্তরে এই কিউআর কোডের ব্যবহার বৃদ্ধি পেলে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সুসংহত হবে, যা ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়নে অন্যতম মাইলফলক হিসেবে কাজ করবে।
মনোয়ারুল হক/
