আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ৬ জেলার সেনা কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৩ জুন) : দেশের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার।
সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মেট্রোপলিটন এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় আগামী ৩০ জুন পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে কর্মরত সমপদমর্যাদার কর্মকর্তারাও এই বিশেষ ক্ষমতার আওতাভুক্ত হবেন।
ফৌজদারি কার্যবিধি (১৮৯৮)-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী সেনা কর্মকর্তাদের এই বিশেষ ক্ষমতা অর্পণ করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির নির্দিষ্ট কিছু ধারা (যেমন—৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২ body, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২) অনুযায়ী অপরাধ দমন, গ্রেপ্তার ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সরাসরি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
মনোয়ারুল হক/
