সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতে নথিপত্র পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২০ জুন) : সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সব ধরনের প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ (২০ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন। আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদানের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে চলতি মাসের ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল পুলিশ ইন্টারপোলের এনসিবি-কে ই-মেইলের মাধ্যমে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। ইউএই সরকারের পক্ষ থেকে আসামিকে হস্তান্তরের প্রক্রিয়া শুরুর জন্য ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর অনুরোধ করা হয়েছিল।
প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত দ্রুততার সাথে এই প্রক্রিয়া সম্পন্ন করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের ৩০ দিন সময় দেওয়া হলেও, আমরা পরদিনই সব নথিপত্র প্রস্তুত করে পাঠিয়ে দিয়েছি। গ্রেপ্তারি পরোয়ানা ও মামলার বিবরণীসহ মোট ১৪৪ পৃষ্ঠার এই বিশাল নথি তৈরি করতে পুলিশ কর্মকর্তারা রাত ৯টা পর্যন্ত নিরলস কাজ করেছেন। রাত ১০টায় আমি নিজে সংসদে বসে সেগুলোতে স্বাক্ষর করি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, স্বাক্ষরের পরদিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনুষ্ঠানিকভাবে এই নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করেন। এরপর দ্রুততম সময়ে নথিসমূহ আরবিতে অনুবাদ করে ‘ডিপ্লোমেটিক ব্যাগ’-এর মাধ্যমে ইউএই সরকারের কাছে পাঠানো হয় এবং স্থানীয় ইউএই দূতাবাসকেও বিষয়টি অবহিত করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে কোনো ফিরতি বার্তা এসেছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, শুক্র ও শনিবার সেখানে সাপ্তাহিক ছুটি থাকায় এখনো কোনো আনুষ্ঠানিক উত্তর আসেনি। রবিবার (আগামীকাল) এই বিষয়ে কূটনৈতিক মাধ্যমে অফিশিয়ালি খোঁজ নেওয়া হবে।
দুই দেশের মধ্যে ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স রিকুয়েস্ট’ (MLAR) চুক্তি এবং জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা থাকায় খুব দ্রুতই বেনজীর আহমেদকে ফেরত পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।
পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা
এদিন অপরাধের রহস্য উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে অসামান্য পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দেওয়া ১৫ জন পুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই স্বীকৃতি কেবল এই ১৫ জনকেই নয়, বরং পুরো বাংলাদেশ পুলিশ বাহিনীকে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দেশের সেবা করতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনারসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
