গণমাধ্যম খাতে স্বাধীন কমিশন গঠনের ইঙ্গিত দিল সরকার

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৭ মে) : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চায় না; বরং স্বাধীন, জবাবদিহিমূলক ও শক্তিশালী কাঠামোর মাধ্যমে এই খাতকে আরও কার্যকর করতে আগ্রহী। তিনি মনে করেন, সময়ের প্রয়োজনে অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি স্বাধীন ‘গণমাধ্যম কমিশন’ গঠন জরুরি হয়ে উঠেছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রবাহকে আটকে রাখা বা জবাবদিহিতার বাইরে থাকা কোনো রাষ্ট্রের পক্ষেই সম্ভব নয়। প্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগব্যবস্থার বিকাশের ফলে জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি বেড়েছে।

তিনি বলেন, সরকার একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পেয়েছে এবং সেই গণতান্ত্রিক দায়িত্ববোধ থেকেই গণমাধ্যমের স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছে। সরকারের লক্ষ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নয়, বরং সহায়ক অংশীদার হিসেবে গণমাধ্যম খাতের উন্নয়নে কাজ করা।

জহির উদ্দিন স্বপন জানান, বিশ্বের উন্নত দেশগুলোতে তথ্য ব্যবস্থাপনা স্বাধীন কমিশনের মাধ্যমে পরিচালিত হয়। বাংলাদেশও ধীরে ধীরে সেই ধরনের কাঠামোর দিকে এগোতে চায়।

তিনি আরও বলেন, বর্তমানে পত্রিকার সার্কুলেশন কিংবা টেলিভিশনের দর্শকসংখ্যা নিয়ে নির্ভরযোগ্য তথ্যের অভাব রয়েছে। এ কারণে সরকার যৌথ গবেষণা, ডিজিটাল তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের ভিত্তিতে নতুন নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে বিজ্ঞাপন বাজার ও রাজস্ব ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

ডিজিটাল প্রযুক্তির প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে ব্যক্তিগত গোপনীয়তা নতুন করে ঝুঁকির মুখে পড়ছে। বৈশ্বিক পর্যায়ে সমন্বিত নীতিমালা না হলে ভবিষ্যতে ডিজিটাল নিরাপত্তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

অনুষ্ঠানে কোয়াব সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। এছাড়া কোয়াবের সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল, এক্সপোর আহ্বায়ক নিজাম উদ্দিন মাসুদসহ সম্প্রচার খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ