স্বেচ্ছায় নাম প্রত্যাহার না করলে অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৭ মে) : বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় অনিয়মের মাধ্যমে অন্তর্ভুক্ত হওয়া ব্যক্তিদের স্বেচ্ছায় নাম প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, অন্যথায় যাচাই-বাছাই করে অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এ সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। রাজনৈতিক প্রভাব কিংবা অনিয়মের মাধ্যমে যারা তালিকাভুক্ত হয়ে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণ করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন কিন্তু তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন, তারা স্বেচ্ছায় নাম প্রত্যাহার করলে শাস্তি কিছুটা লঘু হতে পারে। তবে তদন্তে প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আহমেদ আজম খান উল্লেখ করেন, অনিয়মের কারণে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অনেকেই বঞ্চিত হয়েছেন। তাই তালিকা যাচাই কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনা করা হচ্ছে।

প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি। পাশাপাশি তাদের চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী।

সভায় তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে জরাজীর্ণ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্য ব্যয়ের প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী জানান, বর্তমানে গঠনতন্ত্র পর্যালোচনার কাজ চলছে। আগামী জুনের মধ্যে কাউন্সিল গঠনের প্রক্রিয়া শেষ করে দ্রুত নির্বাচনের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরসহ বিভিন্ন জেলা ও উপজেলার কমান্ডাররা উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ