বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে সংযোগ ও বিনিয়োগ সহযোগিতায় গুরুত্ব

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৭ মে) : বাংলাদেশ ও চীনের মধ্যে সংযোগ ব্যবস্থা উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে দুই দেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে।

বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি, বহুপক্ষীয় প্ল্যাটফর্মে সমন্বয় জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ইস্যুতে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এ সময় ড. খলিলুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি আধুনিক, অর্থনৈতিকভাবে গতিশীল ও বিশ্বব্যাপী সংযুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা তুলে ধরেন।

বৈঠকে উভয় পক্ষ ‘এক চীন নীতি’র প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করে এবং কৌশলগত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-চীন সহযোগিতা আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ