শ্রীপুরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মনোয়ার হোসেন খান
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (৩ মে) : মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে গত ১ মে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
রবিবার (৩ মে) বিকেলে পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা প্রদান করেন। এ সময় দেখা যায়, গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, দুর্বৃত্তরা শুধু অগ্নিসংযোগই করেনি, বরং গরু-ছাগল, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। বর্তমানে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পরিদর্শন শেষে বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, “অসহায় মানুষের বাড়িঘরে আগুন দেওয়া, গরু-ছাগল ও টাকা-পয়সা লুট করা অত্যন্ত ভয়াবহ ও অমানবিক কাজ।” তিনি শ্রীপুর থানা বিএনপিকে নির্দেশ দেন, যেকোনো মূল্যে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
সহিংসতায় জড়িতদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এই ধরনের অরাজকতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণ, লুট হওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি এলাকাবাসীকে উস্কানিতে কান না দিয়ে শান্ত থাকার আহ্বান জানানো হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের আহবায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব মোঃ হেমায়েত হোসেন, যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, জেলা কৃষক দলের সভাপতি রুবায়েত হোসেন খানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
