হরমুজকে মার্কিন ‘জলদস্যুদের’ ‘কবরস্থানে’ পরিণত করার হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৩ মে) : বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে মার্কিন ‘জলদস্যুদের’ জন্য ‘কবরস্থানে’ পরিণত করার হুমকি দিয়েছেন আইআরজিসির প্রাক্তন কমান্ডার ও তেহরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই।
হরমুজ প্রণালী অবরোধকারী মার্কিন বাহিনীকে ‘জলদস্যুদের’ সঙ্গে তুলনা করেছেন মোহসেন রেজাই। তিনি এই জলপথকে মার্কিন বিমানবাহী রণতরী ও সৈন্যদের ‘কবরস্থানে’ পরিণত করার হুমকি দিয়েছেন।
রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র জলদস্যু যাদের বিমানবাহী রণতরী আছে। জলদস্যুদের মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের সক্ষমতা যুদ্ধজাহাজ ডোবানোর সক্ষমতার চেয়ে কোনো অংশে কম নয়।’
গত মাসে একটি এফ-১৫ই বিমান ভূপাতিত করার ঘটনার উল্লেখ করে তিনি যোগ করেন, ‘আপনাদের রণতরী ও বাহিনীর কবরস্থানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হোন, ঠিক যেমন ইসফাহানে আপনাদের বিমানের ধ্বংসাবশেষ ফেলে রাখা হয়েছিল।’
ইরানি কর্মকর্তাদের মতে, যদি মার্কিন সামরিক বাহিনী এই অঞ্চলে কোনো উসকানিমূলক পদক্ষেপ নেয় বা ইরানের সার্বভৌমত্বে আঘাত হানে, তবে এই কৌশলগত সমুদ্রপথটিই হবে তাদের জন্য মরণফাঁদ।
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করার পর থেকে দুই দেশের মধ্যে বাগযুদ্ধ এবং সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ইরান এই অবরোধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ‘জলদস্যুতা’ বলে দাবি করছে।
সূত্র : আল-জাজিরা।
মনোয়ারুল হক/
