হামের উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ), এবিসিনিউজবিডি, (১ মে) : হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ২২ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৫ এপ্রিল রাত ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা থেকে ১০ মাসের শিশু ছেলেকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে নিয়ে এসে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১০টায় শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউর হয়ে মারা যায়।

এছাড়া বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে জামালপুরের ইসলামপুর থেকে ৫ মাসের শিশু ছেলেটিকে নিয়ে এসে ভর্তি করা হয়। এই শিশুটিও হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউর হয়ে এদিন সকাল ১০টার দিকে মারা যায়।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ১৭ মার্চ থেকে ১ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৯৬ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৮ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৯১১ শিশু। গত ২৪ ঘণ্টায় ১ শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে মোট ৬৩ শিশু। তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের ৮তলায় হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ