আসামের মুখ্যমন্ত্রীর আপত্তিকর বক্তব্যে ঢাকার তীব্র প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১ মে) : বাংলাদেশ নিয়ে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন কুমার ভাদেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশের আপত্তির বিষয়ে তাকে একটি কূটনৈতিক পত্রও হস্তান্তর করা হয়েছে।
ভারতীয় দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহানের দপ্তরে ডেকে হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।
আসামের মুখ্যমন্ত্রীকে এবিপি লাইভে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, (ভারত থেকে) ‘বাংলাদেশি উৎসের’ সন্দেহভাজন অনিবন্ধিত ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করা হয় কি না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা করা কঠিন। তাই আসামের স্থানীয় কর্তৃপক্ষ রাত নামা পর্যন্ত অপেক্ষা করে এবং যখন সীমান্তরক্ষী বাহিনীর কোনো সদস্য উপস্থিত থাকে না, তখন অন্ধকারের আড়ালে ‘সন্দেহভাজন’ ব্যক্তি সীমান্তে নিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক পত্রে বলেছে, আসামের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকারে করা বিতর্কিত মন্তব্য বাংলাদেশ সরকারের নজরে এসেছে। তিনি বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে অবমাননাকর ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন।
কূটনৈতিক পত্রে শর্মার বিশেষ করে কথিত ‘পুশব্যাক’ ও সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো বিষয়ে করা মন্তব্যকে বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করেছে।
হাইকমিশনারকে বলা হয়েছে, স্পর্শকাতর দ্বিপক্ষীয় বিষয়ে তথ্যপ্রমাণহীন বক্তব্য জনসমক্ষে দেওয়া দুই প্রতিবেশী দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়।
বাংলাদেশ বলেছে, যে কোনো অমীমাংসিত বিষয় আন্তর্জাতিক নিয়ম ও বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোয় সমাধান করা উচিত।
দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করতে পারে এমন মন্তব্য করা থেকে ভারতীয় রাজনৈতিক নেতাদের বিরত থাকার জন্যও হাইকমিশনারের মাধ্যমে অনুরোধ জানানো হয়। হাইকমিশনার বলেছেন, তিনি বাংলাদেশের বক্তব্য তার দেশের সরকারকে জানাবেন।
মনোয়ারুল হক/
