২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনর্খনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৩০ এপ্রিল) : সরকার আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনর্খননের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উপস্থাপন করা হয়।
পানিসম্পদমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনর্খননের কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় জুন ২০২৬ পর্যন্ত পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে সারাদেশে ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খনন ও পুনর্খনন করা হবে। পাশাপাশি নতুন ও চলমান প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খালের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে কাবিখা ও টিআর কর্মসূচির মাধ্যমে জুন ২০২৬ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার খাল পুনর্খনন ও সংস্কার করা হবে। স্থানীয় সরকার বিভাগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গাইবান্ধা জেলায় তিনটি খালের পুনর্খনন কার্যক্রমও চলছে।
বৃহৎ পরিসরে খাল খনন কার্যক্রম আরও গতিশীল করতে পানিসম্পদ মন্ত্রণালয়ে নতুন একটি প্রকল্প প্রণয়নের কাজ চলছে জানিয়ে মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, এর মাধ্যমে দেশের জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলসম্পদ ব্যবস্থাপনায় টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
মনোয়ারুল হক/
