গাজাগামী ফ্লোটিলার বহর আটকে দিল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৩০ এপ্রিল) : ফিলিস্তিনের গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে অভিযান চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী । এই অভিযানে ইসরায়েল ড্রোন ও যোগাযোগব্যবস্থা বিঘ্নিত করার প্রযুক্তি ব্যবহার করেছে, পাশাপাশি সশস্ত্র অভিযানকারী দলও কাজ করেছে। জব্দ করা হয়েছে বহরের জাহাজ। ফলে এবারও গাজায় প্রবেশ করতে পারল না আন্তর্জাতিক উদ্যোগটি। খবর আলজাজিরার।
বৃহস্পতিবার গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সহায়তা মিশন এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের সামরিক নৌযানগুলো অবৈধভাবে ফ্লোটিলাকে ঘিরে ফেলেছে। অপহরণ ও সহিংসতার হুমকি দিয়েছে।
তারা আরও জানিয়েছে, ১১টি নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ইসরায়েলি গণমাধ্যম দাবি করছে, ৭টি নৌযান আটক করা হয়েছে। ফ্লোটিলার সুরক্ষায় বিভিন্ন দেশকে এখনই পদক্ষেপ নিতে হবে।
ভূমধ্যসাগরের মাঝখানে আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অভিযানটি হয়। ফ্লোটিলাটি গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ এবং মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল।
মনোয়ারুল হক/
