বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ–নিউজিল্যান্ডের দ্বিতীয় টি–টোয়েন্টি

ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ এপ্রিল) : বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষ পর্যন্ত চালু করা যায় কি না সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ৪টা ৫০ পর্যন্ত সময় ছিল। কিন্তু বৃষ্টির তীব্রতা এতোটাই বেশি যে, থামার কোনো লক্ষণ নেই। ফলে আগেভাগেই দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর ফলে তৃতীয় ম্যাচেই নির্ধারণ হবে সিরিজের ভাগ্য।

জয় দিয়েই টি-টোয়েন্টি সিরিজের মিশন শুরু করে বাংলাদেশ। আজ বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে গড়ানোর কথা ছিল দ্বিতীয় টি-টোয়েন্টির। দেড়টায় টস হওয়ার কথা থাকলেও ম্যাচে টস করা যায়নি। দুই দল কিছুটা দেরিতে হলেও মাঠে এসেছিল। তবে তুমুল বৃষ্টির কারণে খেলা শুরু করার মত পরিস্থিতি সৃষ্টি করা যায়নি। দুপুর ১২টার একটু আগে মুষলধারে বৃষ্টি শুরু হয়, পরে তা কমেছে কিছুটা, তবে থামেনি। অন্তত ৫ ওভারের ম্যাচ শুরুর জন্য নির্ধারিত সর্বশেষ সময় ছিল ৪টা ৫০ মিনিট। সেই সময়েও খেলা শুরু করতে না পারলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে হবে। অবশেষে নিয়ম অনুযায়ী সেটাই হয়েছে। বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচ।

চট্টগ্রামে মঙ্গলবারও টানা বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর বৃষ্টি কমে এসেছে। সকালেও তেমন বৃষ্টি ছিল না। তবে ১২টার আশেপাশে মুষলধারে বৃষ্টি শুরু হয়।

৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরেছে তারা। প্রথম ওয়ানডেতে জয়ের পর হেরেছে টানা দুই ম্যাচ। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে কিউইরা। টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২ মে, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখনও ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সেই ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নিবে লিটন দাসের দল। হারলে সমতায় শেষ হবে টি-টোয়েন্টি সিরিজ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ