টি-টোয়েন্টি: নিউজিল্যান্ডকে ৬ উইকেট ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ এপ্রিল) : লক্ষ্য তাড়ায় ধস ধরেনি বাংলাদেশের টপ-অর্ডারে। তবে সাইফ হাসান, তানজিদ হাসান তামিম এবং লিটন দাসের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে জয় থেকে অনেক দূরেই ছিল বাংলাদেশ দল। সেই দূরত্ব ঘুচিয়ে দিলেন তাওহিদ হৃদয়। আন্তর্জাতিক মানের ইনিংস খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তিনি বাংলাদেশকে হাসিয়েছেন জয়ের হাসি।
আজ (২৭ এপ্রিল) চট্টগ্রামে নিউজিল্যান্ডকে ৬ উইকেট ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৮২ রান তুলে সফরকারীরা। জবাবে ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ম্যাচ উইনার হৃদয় অপরাজিত ছিলেন ৫১ রানে। টি-টোয়েন্টিতে এটা তার ষষ্ঠ হাফ সেঞ্চুরি। তার দিনে ব্যাট হাতে দারুণ অবদান রাখেন পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেন পাটোয়ারীও।
লক্ষ্য তাড়ায় সাইফ এবং তানজিদের শুরুটা ভালো ছিল। ৫.৩ ওভারে সাইফ আউট হওয়ার আগে বাংলাদেশের খাতায় যোগ হয় ৪১ রান। টাইগার ওপেনারকে ক্যাচ বানান নাথান স্মিথ। ১৬ বলে সাইফের ১৭ রানের ইনিংসে ছিল ২ চার ও ১ ছক্কার মার। সমান সংখ্যক বাউন্ডারি হাঁকিয়ে থামেন অধিনায়ক লিটন দাস। ইশ সোধির বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ২১ রান (১৫ বলে)।
সাজঘরে ফেরা তৃতীয় ব্যাটার তানজিদ। উইকেটে কিছুটা সময় থাকলেও তেমন কিছুই করতে পারেননি তিনি। ২৫ বল খেলে ১ চারে করেন ২০ রান। তখন ১০.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭৭ রান। অবশিষ্ট ৫৯ বলের জয়ের জন্য আরও ১০৬ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। কঠিন সমীকরণ সহজ হচ্ছিল হৃদয়-ইমনের ঝড়ো তাণ্ডবে। দুজনের ২৮ বলের জুটিকে আসে ৫৭ রান। ১৫তম ওভারে ইমন থামেন ২৮ রান করে। তার ১৪ বলের ইনিংসে ছিল ১ চার ও ২ ছক্কার মার।
ইমন ফেরার পর বাংলাদেশ শিবিরে হারের ভয়টা সেকেন্ডের জন্যও অনুভূত হতে দেননি হৃদয় এবং শামীম। ২১ বলের ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়েই ছাড়েন তারা। ২৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫১ রানে অপরাজিত ছিলেন হৃদয়। ৩১ রান করা শামীম ছিলেন আরও বিধ্বংসী। তার ১৩ বলের ইনিংসে ছিল ৩ চার ও ২ ছক্কা।
মনোয়ারুল হক/
