ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১০ এপ্রিল) : আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা আনতে সরকার ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ব্যাংকের আইনি কাঠামো সংস্কার এবং বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্যাংকিং খাতে বিদ্যমান মূলধন ঘাটতি পূরণে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে এবং এই খাতে সুশাসন ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।

তিনি জানান, সরকার দক্ষ ঋণ ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে এবং ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস ও অভ্যন্তরীণ বন্ড বাজার উন্নয়নে কাজ করছে। ঋণ গ্রহণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় সমন্বিত কৌশল গ্রহণের মাধ্যমে অর্থনীতিকে টেকসই করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পে রাজস্ব অর্থায়ন বাড়িয়ে ঋণ নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক অস্থিরতার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সরকারকে অতিরিক্ত ভর্তুকি দিতে হচ্ছে, যা বাজেট ও বৈদেশিক মুদ্রার ওপর চাপ সৃষ্টি করছে।

সরকারের অগ্রাধিকারের বিষয়ে তিনি জানান, মূল্যস্ফীতি ৫-৬ শতাংশে নামিয়ে আনা, কর ব্যবস্থার আধুনিকায়ন, করজাল সম্প্রসারণ এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে এসএমই খাতকে গুরুত্ব দিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

পুঁজিবাজার শক্তিশালী করতে নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বাড়ানো, বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং কর্পোরেট বন্ড, সুকুক ও গ্রিন বন্ড চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ভিত্তিতে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ