বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ ব্যাংক কারা দখল করেছিল দেশের মানুষ জানে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৯ এপ্রিল) : ইন্টেরিম গভর্নমেন্টের সময় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক কারা দখল করেছিল সেটা এ দেশের মানুষ জানে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংক কাদের নেতৃত্বে কিভাবে বাংলাদেশে অর্থনৈতিক নৈরাজ্য সৃষ্টি করেছে, আমরা মনে করেছিলাম বাংলাদেশের অর্থনীতিটা পুনরুদ্ধার করার জন্য তারা কাজ করবে, বিপরীত করেছে। এখন আমরা সাফার করছি। আর বিশ্ববিদ্যালয়, সমস্ত বিশ্ববিদ্যালয়, ভাইস চ্যান্সেলরসহ অন্যান্যদেরকে কারা নিয়ন্ত্রণে নিয়েছিল, তা আমরা বলতে চাই না, এই ফ্যাসাদে আমরা যেতে চাই না।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও জাতীয় সংসদে তীব্র সমালোচনা ও বিতর্ক হয়েছে। বিসিবিকে নিয়ে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর করা ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ মন্তব্যের কড়া জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি জানিয়েছেন, কোনো দখলদারত্ব নয়, বরং কৃতী ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বেই এখন বিসিবি পরিচালিত হচ্ছে।
এর আগে ‘জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিল-২০২৬’ নিয়ে আলোচনার সময় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যে বিসিবি ইস্যুটি আলোচনায় ওঠে।
সংসদে আলোচনায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত না হয়ে বরং ব্যক্তিকেন্দ্রিক প্রভাবের মধ্যে পরিচালিত হয়েছে। তিনি বলেন, বিসিবি কার্যত ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে। তার মতে, দীর্ঘদিন ধরে বোর্ডের ভেতরে গণতান্ত্রিক কাঠামোর ঘাটতি এবং স্বচ্ছতার অভাবের কারণে ক্রিকেট প্রশাসনে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে ক্ষমতার প্রভাব খাটিয়ে বিসিবির নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনা ঘটেছিল। তিনি অভিযোগ করেন, সাবেক এক ক্রীড়া উপদেষ্টা ‘গায়ের জোরে’ ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ নিয়েছিলেন, যার ফলে প্রশাসনিক কাঠামোতে ভারসাম্য নষ্ট হয় এবং বোর্ডের কার্যক্রমে নানা বিতর্ক তৈরি হয়। বর্তমান সরকার সেই পরিস্থিতি পর্যালোচনার জন্য অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেছে এবং অনিয়মগুলো খতিয়ে দেখা হয়েছে। বর্তমানে ক্রিকেট বোর্ড পরিচালনায় কৃতী জাতীয় ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে একটি আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করছে। বর্তমান সরকার ক্রীড়া প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কাজ করছে। বিশেষ করে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিসিবির প্রশাসনিক কাঠামোকে আরও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কোনো প্রতিষ্ঠানকে ব্যক্তিকেন্দ্রিক বা প্রভাবাধীন করতে চায় না। বরং ক্রীড়া প্রশাসনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশাসনের ভিত্তিতে পরিচালনার লক্ষ্য নিয়েই কাজ করছে।
মনোয়ারুল হক/
