ফুলপুর থানায় ওসির চেয়ারে সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ), এবিসিনিউজবিডি, (৯ এপ্রিল) : ওসির চেয়ারে সংসদ সদস্যের বসাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুর থানার ওসির চেয়ারে বসে আছেন। তার সামনে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। তিনি তাদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। পাশে বসে আছেন থানার অন্য কর্মকর্তারা।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ বলছেন, একজন এমপি ওসির চেয়ারে বসে পুলিশ কর্মকর্তাদের দিকনির্দেশনা দিতেই পারেন। আবার অনেকেই বলছেন, হঠাৎ ওসির কক্ষে প্রবেশ করে এমপি এভাবে তার চেয়ারে বসতে পারেন না। মূলত ক্ষমতা দেখাতেই তিনি ওসির চেয়ারে বসেছেন।
জানা গেছে, গত ৫ এপ্রিল সকাল সোয়া ৭টার দিকে ফুলপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ পুলিশ লাইনে প্যারেডে অংশ নিতে বের হন। পরে সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ থানায় উপস্থিত হন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ। তখন উপস্থিত পুলিশ সদস্যরা তাকে জানান, ওসি থানায় নেই। এরপর তিনি ওসির কক্ষে প্রবেশ করেন।

থানায় ওসির চেয়ারের পাশে অন্য চেয়ার খালি থাকলেও তিনি ওসির চেয়ারে বসেন। সেখানে কিছুক্ষণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে চলে যান। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এ ঘটনায় এমপি ও ওসি পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। ফুলপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ‘ওইদিন আমি পুলিশ লাইনে মাস্টার প্যারেডে ছিলাম। সকালে এমপি থানায় গেলে পুলিশ সদস্যরা জানান আমি নেই। তবুও তিনি আমার কক্ষে যান। উপস্থিত পুলিশ কর্মকর্তারা আমার চেয়ারের পাশে থাকা চেয়ারে তাকে বসতে দেন। এ সময় এমপির সঙ্গে আসা নেতা-কর্মীরা আমার চেয়ারেই সংসদ সদস্যকে বসতে বলেন। তিনি আমার চেয়ারেই বসেন।’

ওসির চেয়ারে এমপি বসতে পারেন কি না; এমন প্রশ্নে তিনি বলেন, ‘কখনোই বসতে পারেন না। ওইদিন সংসদ সদস্যের থানায় আসার পূর্বসূচি ছিল না, আমাকেও আগে থেকে কিছুই জানানো হয়নি।’

অন্যদিকে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি জানতে হঠাৎ থানায় গিয়েছিলাম। সেখানে গিয়ে ওসিকে না পেয়ে ফিরে আসতে চেয়েছিলাম। তবে উপস্থিত কর্মকর্তারা জোর করে আমাকে ওই চেয়ারে বসান।’

তার দাবি, ‘এতে কোনো অন্যায় হয়নি, চেয়ার পচে যায়নি।’

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ