রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন খালেদ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৬ মার্চ) : এবার ডিজিএফআইয়ের সাবেক প্রধান এবং ‘ওয়ান ইলেভেনের’ আরেক আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে জুলাই অভ্যুত্থানের সময় মিরপুরে নিহত দেলোয়ার হোসেন হত্যা মামলায় শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিনের ওই আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ আসামি শেখ মামুন খালেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন শামসুদ্দোহা সুমন।

শেখ মামুন খালেদ ২০২০ সালে সর্বশেষ লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদায় সেনাবাহিনী থেকে অবসরে যান। তিনি ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক বা ডিজির দায়িত্ব পালন করেন। এ ছাড়া আলোচিত ‘ওয়ান ইলেভেনের’ সময় তথা ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে মামুন খালেদ ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও তিনি একই পদে ছিলেন এবং পরে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হলে তাকে ডিজিএফআইয়ের মহাপরিচালক করা হয়।

শেখ মামুন খালেদের বিরুদ্ধে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ওয়ান ইলেভেনের সময়ে তার বিতর্কিত ভূমিকা, ক্ষমতার অপব্যবহার, ‘আয়নাঘরের’ সঙ্গে সংশ্লিষ্টতা, অবৈধ সম্পদ অর্জন এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার আদালতে রিমান্ড আবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বেলা ৩টা ২০ মিনিটে দেলোয়ার হোসেন (৪০) জুলাই ছাত্র আন্দোলনের পক্ষে মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে অবস্থান করছিলেন। এ সময় এজাহারভুক্ত আসামিসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ সন্ত্রাসী মামুন খালেদের নির্দেশে নির্বিচারে গুলি চালায়। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই মারা যান। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করে। এ ঘটনার সঙ্গে মামুন খালেদের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক তদন্তে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে মামুন খালেদকে নিবিড়ভাবে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড দরকার।

অন্যদিকে গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। সে সময় দুদক তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদসংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধানের কথা জানিয়ে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেছিল।

শেখ মামুন খালেদ ১৯৮১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং সিগন্যাল কোরে কর্মরত ছিলেন। তিনি সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং গবেষণার জন্য চ্যান্সেলর গোল্ড মেডেলও লাভ করেন। অবসরের আগে তিনি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্টের দায়িত্ব পালন করেছেন।

এর আগে গত সোমবার রাতে রাজধানীর বারিধারার ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করা হয় ওয়ান ইলেভেনের অন্যতম কুশীলব হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে। তার বিরুদ্ধেও ক্ষমতার চরম অপব্যবহার, আর্থিক দুর্নীতি, মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বর্তমানে পল্টন থানার মানব পাচারের একটি মামলায় ডিবি পুলিশের রিমান্ডে রয়েছেন মাসুদ উদ্দিন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ