কারাগারের দেয়াল পেরিয়ে ঈদের আনন্দ—বন্দীদের পাশে এমপি মনোয়ার

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (২১ মার্চ) : উৎসবের আনন্দ সবার জন্য—এই মানবিক বার্তাকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরা জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান। কারাগারের কঠিন বাস্তবতার মধ্যেও যেন উৎসবের ছোঁয়া লাগে, সেই প্রয়াসে আয়োজিত এ উদ্যোগটি বন্দীদের মাঝে এনে দেয় এক ভিন্ন আবেগ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জেলা কারাগার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বন্দীদের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়। জেল সুপার শেখ মো. মহিউদ্দীন হায়দারের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে কারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলার মো. ইব্রাহিম এবং ইঞ্জিনিয়ার মিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপহার বিতরণকালে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, “ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ থেকে কেউ বঞ্চিত থাকবে—এটা আমাদের কাম্য নয়। কারাগারের ভেতরে থাকা মানুষরাও সমাজের অংশ। তাদের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, নানা প্রতিকূলতায় কারাগারে থাকা এসব মানুষকে মানসিকভাবে স্বস্তি দেওয়া এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।

কারা কর্তৃপক্ষ জানায়, এ ধরনের আয়োজন বন্দীদের মানসিক প্রশান্তি বাড়ায় এবং তাদের মধ্যে নতুন করে জীবনের আশা জাগায়। এতে তারা নিজেদের সমাজ থেকে বিচ্ছিন্ন মনে না করে বরং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রেরণা পান।

ঈদ উপহার পেয়ে বন্দীরা প্রকাশ করেছেন সন্তোষ ও কৃতজ্ঞতা। পরিবারের সান্নিধ্য থেকে দূরে থেকেও এমন ভালোবাসার ছোঁয়া পেয়ে তাদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক। স্থানীয় সচেতন মহল মনে করছে, এই ধরনের উদ্যোগ শুধু সহমর্মিতারই দৃষ্টান্ত নয়, বরং একটি মানবিক সমাজ গঠনের পথে ইতিবাচক পদক্ষেপ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ