ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৬ মার্চ) : ঢাকা-১৭ সংসদীয় আসনের জনগণের দৈনন্দিন দাপ্তরিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২, আব্দুর রহমান সানীকে এ আসনের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক পত্রে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
পত্রে উল্লেখ করা হয়েছে যে, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় ব্যস্ততার পরিপ্রেক্ষিতে ওই এলাকার জনগণের সুবিধার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ঢাকা-১৭ আসনটি নিজের কাছে রেখে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করেন। গত ১৭ ফেব্রুয়ারি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর সংসদীয় আসন হওয়ার কারণে ঢাকা-১৭ এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কাজে গতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী এখন থেকে ওই এলাকার প্রতিনিধি হিসেবে স্থানীয় জনগণের সমস্যা সমাধান ও প্রধানমন্ত্রীর পক্ষে সমন্বয়কের ভূমিকা পালন করবেন।
এ নিয়োগের অনুলিপি এরইমধ্যে ঢাকার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।
মনোয়ারুল হক/
